পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুল্লাহ মোল্লা নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় রিফাত নামে নবম শ্রেণির আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
উপজেলার টগড়া এলাকায় ইন্দুরকানী ব্রিজের নিচে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাবিবুল্লাহ মোল্লা (১৬) ইন্দুরকানী মেহেরুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া এলাকার বারেক গাজীর ছেলে।
নিহতের খালু জাহাঙ্গীর আলম জানান, হাবিবুল্লাহ চালানো শেখার জন্য একটি মোটরসাইকেল ভাড়া করে। মোটরসাইকেল নিয়ে পাড়েরহাট অবদা রোড় থেকে ইন্দুরকানী উপজেলার দিকে যাওয়ার সময়ে ইন্দুরকানী ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আসিফ জানান, সন্ধ্যায় জেলা হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।