পিরোজপুরে মাকে গাছে বেঁধে রেখে ঘরে আগুন, চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার 

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সাথে বেঁধে রেখে বসতঘরে আগুন দিয়েছেন মো. আল-আমীন (২৬) নামের এক চাকরিচ্যুত সেনা সদস্য। অভিযুক্ত মো. আল-আমীনের বাড়ি ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নে।

অভিযুক্ত আল-আমীনের বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন। গতকাল রোববার রাতে পত্তাশী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমীন প্রথম স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হন। পরে তাঁর দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এসব বিষয়ে আল-আমীন তাঁর বাবাকে দোষারোপ করতে থাকেন। রোববার সকালে চট্টগ্রাম থেকে বাড়ি এসে বাবাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ তাঁর বাড়িতে গেলে আল-আমীন পালিয়ে যায়। পরে নিজের মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখে বসত ঘর আগুন দেন আল-আমীন।

আল-আমীনের বাবা জয়নাল কাজী বলেন, ‘ঘরে আগুন দিয়েছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি এর বেশি কিছু বলতে চাই না।’

এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, অভিযুক্ত চাকরিচ্যুত সেনা সদস্য আল-আমীনকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁর বাবার করা মামলায় তাকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।