পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদীর তীরে ভিড় করেছেন তাঁর স্বজনসহ স্থানীয় মানুষ।
নিখোঁজ নুরুল ইসলাম গাজী পৌর শহরের রহমতপুর এলাকার বাসিন্দা। তিনি ভ্রাম্যমাণ ব্যবসা করতেন। সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, গতকাল শুক্রবার দুপুরে তাঁর বাবা নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোরিকশায় বসে ছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ ওই অটোরিকশার চালককে আটক করে। তাঁর অভিযোগ, এ সময় তাঁর বাবাকে তল্লাশি চালিয়ে কোনো মাদক না পাওয়ার পরও তাঁকে ধাওয়া করা হয়। পরে তার বাবা নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।
মেয়ে রুপা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন বাসায় এসে বলে–তোমার বাবার মাদকের ব্যবসা করে। এই বলে আমাদের হুমকি-ধামকি দিয়ে যায়। আমার বাবা আংটি বিক্রি করতেন। কখনো মাদকের সঙ্গে জড়িত ছিল না।’
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাদুরতলী ফিশারি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন নুরুল ইসলামকে ধাওয়া করলে তিনি নদীতে ঝাঁপ দেয়। এ সময় তিনি সাঁতার দিয়ে নদীর মাঝখানে গেলে হঠাৎ ডুবে যান। তারপর থেকে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।
তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির।
খেপুপাড়া ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল হোসেন, ‘আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।’