বরিশালে বেড়েছে লোডশেডিং, দিনে গড়ে ৮-১০ বার

বরিশালে গত কয়েকদিন ধরে বেড়েছে লোডশেডিং। এলাকাভেদে প্রতিদিন ৮-১০ বার লোডশেডিং হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়। গরম বাড়তে থাকায় একদিকে যেমন ভোগান্তি বাড়ছে। অন্যদিকে, বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে। 

চৈত্রের শেষ দিকে যখন বাড়ছে তাপমাত্রার পারদ, তখন হঠাৎ করেই লোডশেডিং কারণে ভোগান্তিতে বরিশালের বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, দিনে কয়েকবার বিদ্যুৎ থাকছে না। কখনো ২০ থেকে ৩০ মিনিট, কখনো তা দীর্ঘায়িত হচ্ছে এক ঘণ্টা পর্যন্ত। 

লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। ব্যবসায়ীরা বলছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যাতেই বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু সকাল ৯টায় দোকান খোলার পর বার বার লোডশেডিং হওয়ায় কমছে ক্রেতা। তেলের সংকট থাকায় জেনারেটরও চালাতে পারছেন না অনেকে। 

নগরীতে বিদ্যুতের চাহিদা রয়েছে ২২০ মেগাওয়াট। এর বিপরীতে মিলছে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট। ঘাটতি কারণে এলাকাভেদে লোডশেডিংয়ের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, একবার লোডশেডিং হলো আবার হয়। যতক্ষণ পর্যন্ত গ্রিড থেকে লোডশেডিং না বন্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে। বিদ্যুতই কম, যার কারণে লোডশেডিং হচ্ছে। 

বরিশাল বিভাগের প্রতিদিনের চাহিদা ৫৫০ মেগাওয়াট। এর বিপরীতে বর্তমানে সরবরাহ সাড়ে চার শ মেগাওয়াট বোলে জানিয়েছে ওজোপাডিকো।