পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে এটি ‘লম্বু পোয়া’ নামেও পরিচিত। রোববার সকালে আলীপুর মৎস্য বন্দরের একটি আড়তে নিলামের মাধ্যমে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মাছঘাট সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান রহিম মাঝি নামের এক জেলে। অন্য মাছের সঙ্গে তাঁর জালে এই মূল্যবান কালো পোয়া মাছটি ধরা পড়ে।
আজ দুপুরে মাছটি আলীপুর মৎস্য বন্দরে আনা হলে নিলাম ডাক শুরু হয়। সেখানে ‘কুয়াকাটা ফ্রেশ ফিশ’-এর স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি মণ আড়াই লাখ টাকা দরে, কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকা হিসাবে মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে রহিম মাঝি আনন্দ প্রকাশ করে বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে প্রথমবারেই এত দামি মাছ পেয়েছি। এতে আমাদের লোকসান কেটে যাবে।’
মাছটির ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করেন। কালো পোয়া মাছের পটকা বা ‘সুইম ব্লাডার’ অত্যন্ত মূল্যবান হওয়ায় আন্তর্জাতিক বাজারে এই মাছের দর অনেক বেশি থাকে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এই প্রজাতির মাছের ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। এর পটকা দিয়ে বিশেষ ধরনের সুতা তৈরি হয় বলে অনেকেই একে সাগরের কালো সোনা বলে থাকেন। নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে উপকূলের মৎস্য খাতের জন্য একটি সুখবর।’