জনবল সংকটে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বরিশাল নগরীতে প্রায় ৭ লাখ মানুষের সুরক্ষায় জনবল সংকটে মেট্রোপলিটন পুলিশ। ৩৭৪ জন নাগরিকের নিরাপত্তায় রায়েছেন একজন পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে বিএমপিতে আরও ৪টি থানা ও ৩টি ফাঁড়ির প্রস্তাবনা দিয়েছে প্রশাসন। জনবল বাড়ানোর পাশাপাশি দক্ষতায় জোর দেয়ার পরামর্শ সমাজ গবেষকদের।

নদীবেষ্টিত শহর বরিশাল। ২০০৬ সালে কোতয়ালি মডেল থানা দিয়ে শুরু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের। চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে বিএমপি। তবে ২০ বছরে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়নসহ নানা উন্নয়নের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায়ও বেড়েছে চ্যালেঞ্জ। 

বিএমপি পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, ‌‘সেবার পরিধি বাড়াতে মহানগরীতে আরও নতুন চারটি থানা ও তিনটি ফাঁড়ির পরিকল্পনা নিয়েছে প্রশাসন।’

কোতয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশিং কার্যক্রমে থানা ও ফাঁড়ির পাশপাশি পরিবহনসহ অন্যান্য সহায়ক সুবিধা বাড়ানো প্রয়োজন। এছাড়া, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষায়িত দল গঠনে জোর দেওয়া হচ্ছে।’

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসাইন বলেন, ‘জনসংখ্যা বাড়ার পাশাপাশি নগরীতে অপরাধের ধরন পাল্টেছে। পুলিশের জনবল বাড়ানোর পাশাপাশি দক্ষতার উন্নয়ন করতে হবে।’

তথ্য বলছে, বরিশাল মেট্রোপলিটন এলাকায় প্রতি ৩৭৪ জন নাগরিকের বিপরীতে নিরাপত্তার দায়িত্বে আছেন একজন পুলিশ সদস্য। আর বছরে ৪ থানায় নথিভুক্ত হয় প্রায় ১১০০ মামলা।