রাজধানীর মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশালের লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১২টার পর পরিচালিত অভিযানে এসব সামগ্রী উদ্ধার হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করা হয়।
উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) অবহিত করা হয়। পরে রাত প্রায় পৌণে ২টায় ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট-এসআরইউর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা নেয়। পরে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
মিরপুর মডেল থানা জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চলমান আছে।


