ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ। তবে বরিশালের মোকামগুলোতে ইলিশের দেখা নেই। সংকটের কারণে বাজারে ইলিশের দামও আকাশছোঁয়া। আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট, নাব্যতা সংকটে ইলিশের উৎপাদন কমছে বলে ধারণা মৎস্য অধিদপ্তরের।
বরিশালের ইলিশের মোকামগুলোতে তেমন হাঁকডাক নেই। জেলেরা নদী থেকে ফিরছেন শূন্য হাতে। ফলে পোর্ট রোডসহ আড়ৎগুলোতেই বেচাবিক্রি নেই।
এদিকে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দামও আকাশ ছুঁয়েছে। ফলে তা সাধারণের নাগালে নেই।
বরিশাল পোর্ট রোড মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. জহির সিকদার বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর অর্ধেকও উৎপাদন নেই।’
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, বরিশাল বিভাগে ২০২২-২৩ অর্থবছরে ইলিশ উৎপাদন ছিল ৩ লাখ ৭২ হাজার ৩৪৩ মেট্রিক টন। ২০২৩ -২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৩ লাখ ৪৮ হাজার ৮৩৪ মেট্রিক টনে। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন আরও কমে হয় ৩ লাখ ৩৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে এসেছে ২ লাখ ৬৬ হাজার ৫৯৭ দশমিক ১৫০ মেট্রিক টনে।
মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মো. কামরুল হাসান বলেন, ‘গত কয়েক বছর ধরেই বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে কমছে ইলিশের উৎপাদন।’
আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় এবং নদীগুলোর নাব্যতা সংকটকেই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।