পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বসতবাড়ির থাই গ্লাস, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
গতকাল রোববার বিকেল ৪টায় উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের আনুমানিক ৩০০ থেকে ৪০০ শতাধিক নেতা-কর্মীদের একটি মিছিল নিয়ে উত্তর ঝনঝনিয়া টাওয়ারের মোড়ে যায়।
এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সুমন তালুকদারের (৫৪) বাড়ির গেটের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তার বসতবাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে মিছিলকারীরা টাওয়ারের মোড়সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেনের (৬৫) দলীয় কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে বের করে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে অফিসঘরের টিন কুপিয়ে ক্ষতিসাধন বলে অভিযোগ স্থানীয়দের।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।