নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বরিশাল জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে গতকাল বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুদিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।