বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
ব্যাপক পুলিশি পাহারায় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সাঈদীর মরদেহবাহী ফ্রিজিং গাড়ি মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদরের সাঈদী ফাউন্ডেশনের সামনে মরদেহ পৌঁছায়।
এদিকে সাঈদীর মরদেহ পৌঁছানোর খবর শুনে সকালে থেকেই সাঈদী ফাউন্ডেশনের সামনে অনেক মানুষ জড়ো হতে শুরু করে বলে জানিয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রয়েছে। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, তা নিয়ন্ত্রণ করা হবে।
এর আগে সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের এই নেতা।