চট্টগ্রামে অটোরিকশার গ্যারেজে আগুন, পুড়ল ২৬ যানবাহন

চট্টগ্রাম নগরীর ঈদগাঁ বৌ বাজার এলাকায় অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। এতে গ্যারেজে থাকা ২০টি সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোটরসাইকেল এবং একটি রিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল রোববার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে গ্যারেজের প্রহরী মোহাম্মদ আলী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীদের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকতা জানান, গতকাল রাত পৌনে ২টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় গ্যারেজে থাকা ২০টি সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল এবং একটি রিকশা পুড়ে ছাই হয়ে যায়।

দিনমনি শর্মা আরও জানান, আগুনে গ্যারেজটির নাইটগার্ড মোহাম্মদ আলী আহত হন। আগুন লাগার সঠিক কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।