চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই মাদ্রাসার কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক পাঁচ শিক্ষককে সাময়কিভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলার ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় হাদিস বিষয়ে পরীক্ষার সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা- উপজেলার নন্দীখোলা দাখিল মাদ্রাসার ও কালিকাপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া শিক্ষকেরা হলেন- কেন্দ্রের ২ নম্বর কক্ষের শিক্ষক মো. আবুল হোসেন ও আমলন্দ গোলদার। ৩ নম্বর কক্ষের শিক্ষক শফিকুর রহমান, মো. ছালেহ আহম্মদ ও মো. রাসেল মিয়া।
এসব তথ্য নিশ্চিত করেন কেন্দ্র সচিব ও ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার। তিনি বলেন, ঘটনার পর পর্যবেক্ষক শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, ‘ঘিলতলী পরীক্ষা কেন্দ্রে দাখিল (হাদিস বিষয়ে) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে আমি বহিষ্কার করেছি। ওই পরীক্ষা কেন্দ্রের দুটি কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক পাঁচজন শিক্ষককেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’