লক্ষ্মীপুরে দুই হাজার ইয়াবাসহ আরিফ হোসেন ওরফে আকাশ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারের লক্ষ্মীপুর-ঢাকামহাসড়কের পাশ থেকে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরিফ হোসেন নোয়াখালীর বেগমগঞ্জের আবুল কালামের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, আরিফ হোসেন জেলার শীর্ষ মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্যে এনে লক্ষ্মীপুরে ব্যবসা করে আসছেন। বুধবার রাতে চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে এক নারীসহ ফুলের দোকানের সামনে ইয়াবা নিয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে থাকা ওই নারী পালিয়ে যান। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘আরিফ হোসেন প্রকাশ আকাশ আন্তঃজেলা মাদক কারবারির মধ্যে অন্যতম। তাঁর বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে একাধিক মাদক মামলা রয়েছে। এখন মাদক আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’