চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানার শংকর দেওয়ানজীহাটে ওসমানগনি ভবনের ৩য় তলায় এই বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই বিস্ফোরণের পর ভবনটির তৃতীয় তলায় আগুন দেখা যায়। পরে পাশাপাশি দুটি ফ্ল্যাটে আহত ১১ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিস্ফোরণে ভবনটির বেশ কয়েকটি দরজা-জানালা উড়ে গেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ভবনটির তৃতীয় তলায় বিস্ফোরণে ওই ফ্লোরের ৪টি ফ্ল্যাটে আগুন ধরে। ফ্ল্যাটগুলোতে তিনটি পরিবার ছিল। আগুনে তিন পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত।