অপহরণের ২০ দিন পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত রোববার মধ্যরাতে অভিযুক্ত জাকির হোসেনের বাড়ি নিজমেহের এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অপহৃত ওই কিশোরী শাহরাস্তি উপজেলার একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১১ মার্চ মেহের প্রগতি সংঘের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। ঘটনার পর চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিজমেহের এলাকার আবদুর রহিমের ছেলে জাকির হোসেনকে আসামি করে মামলা করেন কিশোরীর বাবা। এরপর আদালত মামলাটির দায়িত্ব দেন পিবিআইকে। পরে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে পিবিআই।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক মো. ইউনুছ খন্দকার জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে সোমবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে উপস্থিত করা হয়। আদালতের বিচারক ওই কিশোরীকে তার বাবার জিম্মায় প্রদান করেন।