সৌদি আরবের সঙ্গে ঈদ করবে লক্ষ্মীপুরে ১১ গ্রামের মানুষ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের সহস্রাধীক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করবে।

আগামীকাল সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট বড় ঈদের নামাজের অনেকগুলো জামাত অনুষ্ঠিত হবে। খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া এসব গ্রামের সহস্রাধীক মুসল্লি পৃথক পৃথকভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করবে।

মাওলানা ইসহাকের (র.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪০ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে।

খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদুল ফিতরে ইমামতি করা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘দীর্ঘ একমাস সিয়াম সাধনের পর ঈদুল ফিতর পালন করা হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই রোজা। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করা হয়।’