৪০০ শিল্পকর্ম নিয়ে কুমিল্লায় চলছে ১০ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী

অন্তত ৪০০ শিল্পকর্ম নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে দশ দিনব্যাপী কুমিল্লা চারুকলা প্রদর্শনী। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া ৮২ জন জাতীয় মানের শিল্পী ও কুমিল্লার ১১০ জন শিশু শিল্পীর নানান শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে গতকাল শনিবার এই প্রদর্শনীটি উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য শিল্পী উত্তম গুহ। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। প্রথম দিনেই এই প্রদর্শনীর সেরা দুই শিল্পীর খেতাব জিতে নিয়েছেন সাজিদ রহমান সুজিত ও জ্যোতির্ময়ি চন্দ।

প্রদর্শনীতে ‘বিশ্ব শান্তি বিপ্লব ধ্বংস’ নামে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিল্পী সামিউল আলমের ভাস্কর্য, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের শিক্ষার্থী জ্যোতির্ময় চন্দের সুতাকাব্যে বঙ্গবন্ধু কিংবা শিশুশিল্পী তাজমিন নাওয়ার জাইমার গ্রামের দৃশ্য, ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্ত রিকশা পেইন্টিং, তেলরং-জলরং, ছাপচিত্র-ক্যালিওগ্রাফিসহ অন্তত ৪০০ শিল্পকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনী পরিদর্শন শেষে শিল্পী উত্তম গুহ বলেন, কুমিল্লার শিল্পীদের দীর্ঘদিনের দাবি এখানে একটি স্বয়ংসম্পূর্ণ আর্ট গ্যালারি স্থাপনের। এই প্রদর্শনীর শুরুতে আমরা জেলা প্রশাসনের কাছে আবারও দাবি জানিয়েছি। জেলা প্রশাসক প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লায় একটি গ্যালারি স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।

জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, নতুন প্রজন্মকে সৃজনশীল ও শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা যেন শিল্পচর্চায় আগ্রহী হয় সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। কুমিল্লা জেলা প্রশাসন সবসময় এ ধরনের শিল্পচর্চার পাশে থাকবে।