আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন আংশিক বন্ধ

পানি সরবরাহের পাইপলাইনে ময়লা আটকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন আংশিক বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন (নর্থ ও সাউথ) এই দুইটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইন দিয়ে পানি আনতে হয়। গতকাল শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ঢুকে পড়ে। এতে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। ফলে ব্যাহত হচ্ছে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ বলেন, ‘দুটো ইউনিট থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। কিন্তু পানির পাইপে ময়লা ঢুকে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই দুটো ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সক্ষমতা অনুযায়ী উৎপাদন স্বাভাবিক করতে পাইপের মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে আজ রাতের মধ্যেই নর্থ ও আগামীকাল রোববার সাউথ স্টিম টারবাইনে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে।’