কুবির পাঁচ বিভাগের ১২ চূড়ান্ত পরীক্ষা স্থগিত, সময়সূচি হয়নি ৭টির 

উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বে এক সপ্তাহ বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এই ৭ দিনে স্থগিত হয়ে গেছে ১২টি পরীক্ষা। অনিশ্চিত হয়ে পড়েছে আরও সাতটি বিভাগের পরীক্ষার সময়সূচি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনযায়ী, ১ মে থেকে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা হলেও গত ২৯ এপ্রিল থেকে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করে কুমিল্লা শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৫টি বিভাগের অন্তত ১২টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। এছাড়া ৭টি বিভাগের চূড়ান্ত পরীক্ষার রুটিন প্রকাশও বন্ধ হয়ে গেছে।

ক্রমাগত ক্লাস ও পরীক্ষা পিছিয়ে যাওয়ায় হতাশ হচ্ছে শিক্ষার্থীরা। এদিকে নিয়মিত ক্লাস–পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলে অবস্থান করছেন বেশিরভাগ শিক্ষার্থী। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ সরকার বলেন, ‘২০২২ সালে আমাদের শিক্ষাজীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ২০২৪ এ এসেও আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারছি না। এরমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের মতো পরিস্থিতি আমাদের আরও হতাশ করছে।’ 

একই বিভাগের ২০২০ ২১ বর্ষের শিক্ষার্থী আদনান আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডাইনিং বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা হলে থাকছে শুধু ক্লাস ও পরীক্ষার জন্য। কিন্তু শিক্ষার্থীদের এই কষ্ট কেউ দেখছে না!’

বাংলা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন জিসান বলেন, ‘আমার এখন চাকরি খুঁজতে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ক্লাস ও পরীক্ষা পিছিয়ে গেছে। আমার যে ক্ষতি হচ্ছে তার দায় কে নেবে?’ 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার পর নতুন সময়সূচিতে এসব পরীক্ষা নেওয়া হবে। যতদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে তত পিছিয়ে যাবে শিক্ষার্থীরা। আমার কাছে বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষার জন্য প্রস্তাবিত সময়সূচি ও রুটিন এসে পৌঁছালেও সেগুলো নিশ্চিতভাবে প্রকাশ করা যাচ্ছে না। যে–সব পরীক্ষা সম্প্রতি হওয়ার কথা ছিল সেগুলো কবে হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।’

গত ১ মে থেকে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখান করে এখনো হলেই অবস্থান করছে শিক্ষার্থীরা। তবে তাঁরা জানে না কবে খুলবে বিশ্ববিদ্যালয়।