চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
অবরোধে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকালে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, দীঘিনালা, গুইমারার ব্যাইল্যাছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের কতুকছড়ি, রাঙামাটির সাজেক, ভেদভেদিসহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।
এর আগে সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।