বান্দরবানে শ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে নিহত ১, আহত ৭

বান্দরবানের লামায় শ্রমিকদের বহনকারী পিকআপ দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর (২২) নামে একজন শ্রমিক মারা গেছে। এই ঘটনায় অন্তত আরও সাতজন শ্রমিক আহত হয়েছেন। লামা ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।

হতাহত শ্রমিকেরা চকরিয়া হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা। তবে তাঁদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গজালিয়া গাইন্ধ্যা পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ঢালায় কাজে একটি পিকআপ নিয়ে ১৫ জন শ্রমিক যাচ্ছিলেন। পথে বদরটিলা এলাকায় বড় পাহাড় উঠার সময় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির চাপা পড়ে শ্রমিক মো. জাহাঙ্গীর নামে একজন ঘটনাস্থলে মারা যান। 

এই ঘটনায় অন্তত আরও সাতজন শ্রমিক আহত হন। আহতদের অন্য গাড়িতে করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজ। তিনি বলেন, পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।