চাঁদপুরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে অটোরিকশাচালক আল আমিন খান (৩২) নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ আরো ৩০ জন আহত হন। গতকাল মঙ্গলবার রাতে পুরান বাজার এলাকার রয়েজ রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, খেলার মাঠের দ্বন্দ্বের জেরে মেরকাসিজ রোডের বাসিন্দা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার ও নিতাইগঞ্জ রোডের বাসিন্দা সজীব মাঝির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহতের ভাই সোহাগ খান জানান, তাঁর ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার দাবি করেন তিনি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষের ঘটনায় আহতরা চাঁদপুর সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে।