বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি ও আলীম পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য জানিয়েছেন। তবে এই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাননি তিনি।
এদিকে, মুহুরী নদীর বেড়িবাঁধের তিন স্থানে ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে অন্তত ২০ হাজার মানুষ। এখন পর্যন্ত এই ঘটনায় একজন মারা গেছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায় বাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি প্রবেশ করে। দোকানে পানি ঢুকে যায়। রাত পৌনে ১১টার দিকে ফুলগাজী উপজেলায় সদর ইউনিয়নের দৌলতপুর এলাকার ৩টি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। নতুন করে আরও কয়েক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
সোমবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে তালতলা নামক স্টিল ব্রিজের ওপর পা পিছলে নদীতে পড়ে মামুন (২২) নামের এক তরুণ মারা গেছেন। মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নান ছেলে। রাত সাড়ে ১১ টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মামুনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ পরিবারের কাছে রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।