লক্ষ্মীপুরে সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা-মামলা ও পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ ৮ দফা দাবিতে লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঝড়ো হতে থাকে আন্দোলনকারীরা।  

একপর্যায়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মাদাম ব্রিজ এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক ঝুমুর সিনেমা হল এলাকার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।

এতে সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় পুলিশ দীর্ঘ সময় ধরে আন্দোলনকারীদের সরাতে চেষ্টা করে। পরে পুলিশের বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা কিছু দূর গেলে  পুলিশ ধাওয়া দেওয়ার চেষ্টা করে। 

বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত দেড়ঘণ্টা এই কর্মসূচি পালন করে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিল। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় লক্ষ্মীপুর সরকারি কলেজ ও মহিলা সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী। এতে করে দু-পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় দীর্ঘ যানজট।

শিক্ষার্থীরা জানায়, হামলা-মামলা ও পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তিসহ ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পর্যন্ত আন্দোলন চলবে। দ্রুত সময়ে এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।

এ ব্যাপারে লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’