কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে—এমন একটি তথ্য ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর এমন তথ্যে আতঙ্কে রাঙামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষ। তবে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ বলছে, কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে—এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
আজ শুক্রবার দুপুরে কাপ্তাই বাঁধ ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব। আমরা এই রকম কোন সিদ্ধান্তই গ্রহণ করিনি।’
ব্যবস্থাপক বলেন, ‘কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত লেকে পানি ছিল ১০৪ দশমিক ৮৪ ফুট এর কিছু বেশি। যদি পানির লেভেল ১০৮ ফুট অতিক্রম করে তখনই লেক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘আজ শুক্রবার রাঙামাটিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টি হয়নি, আবহাওয়াও শুষ্ক। টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘণ্টায়ও এত পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই।’
পানি ছাড়া হলে তা আগে থেকে জানানো হবে জানিয়ে তিনি বলেন, ‘যদি পানি ছাড়তেই হয় তাহলে অন্তত ৬ ঘণ্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।’