ব্রাহ্মণবাড়িয়ায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নোয়াবাড়ি রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আদিল মিয়া শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে। তিনি জেলা ছাত্রদলের সাবেক নেতা। আহতরা হলেন– মো. রুবেল মিয়া এবং আফসান জুবায়েদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চিনাইর এলাকায় একটি খোলা লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেলে জেলা ছাত্রদলের সাবেক সদস্য আদিল মিয়া তার দুই বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে ফিরছিলেন।
হঠাৎ করে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আসলে মোটর সাইকেলটির সাথে ট্রেনটির ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আদিল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন।
এ ঘটনায় তার সাথে থাকা দুই আরোহী আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহদের মধ্যে রুবেলের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকেরা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।