আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন আর নেই

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসের অন্যতম আয়োজক মুহাম্মদ মহসিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। বুধবার সকাল ৮টার দিকে তিনি নগরের এক বেসরকারি হাসপাতালে মারা যান।

আজ রাত ৯টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ জানাজার নামাজে ইমামতি করবেন বলে জানানো হয়েছে।

মৃত্যুকালে মুহাম্মদ মহসিনের বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।

আনজুমান ট্রাস্টের পক্ষে অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার জানান, মুহাম্মদ মহসিন সকালে হুজুর সাবির শাহের ইমামতিতে ফজরের নামাজ আদায় করেন। পরে শরীর খারাপ লাগলে হুজুর উনাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে হাসপাতালে পাঠান। সেখানেই তিনি সকাল ৮টায় ইন্তেকাল করেন।

মুহাম্মাদ মহসিনের পিতা নুর মুহাম্মদ সওদাগর চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুসের অন্যতম প্রতিষ্ঠাতা। পাকিস্তানের পীর আল্লামা সৈয়দ আহম্মদ ছিরকোটি ও আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ বাংলাদেশে এলে একসময় নুর মুহাম্মদ সওদাগরের বাড়িতে থাকতেন এবং সেখানে খানকাহ হিসেবে ব্যবহার করতেন। মূলত পিতার হাত ধরেই মুহাম্মদ মহসিন আনজুমানের সাথে সম্পৃক্ত হন। ১৯৮৪ সাল থেকে মুহাম্মদ মহসিন আনজুমান-এ রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

আনজুমান-এ রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শতাধিক মাদ্রাসা, মসজিদ ও এতিমখানা পরিচালিত হয়। যার মধ্যে চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ও ঢাকার কাদেরীয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা উল্লেখযোগ্য।