চট্টগ্রামের মীরসরাইয়ের রুপসী ঝরণায় নেমে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মীরসরাই থানার উপ–পরিদর্শক (এসআই) মো. মোমিন হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ১৪ জনের একটি দল সকালে ঝরণায় ঘুরতে আসে। এসময় ঝরণার কুয়ার মধ্যে নেমে নিখোঁজ হন মোস্তাফিজুর ও মাহবুবুর রহমান নামে ২১ বছর বয়সী দুই তরুণ পর্যটক। খবর পেয়ে স্থানীয়রাসহ পুলিশ মিলে কয়েক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।’
নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হচ্ছে জানিয়ে এসআই মোমিন বলেন, ‘তাদের পরিবার ও স্বজনদের জানানো হয়েছে। পরবর্তীতে মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, এর আগে গেল সপ্তাহে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরণায় ঘুরতে এসে মাথায় পাথরের আঘাতে মৃত্যু হয় ঢাকার এক ব্যাংক কর্মকর্তার।