ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে জেলে ও কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টার ব্যাবধানে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন বৃষ্টির সময় নদীতে মাছ ধরতে গিয়ে ও অন্যজন ফসলের মাঠে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

নিহতরা হলো– উপজেলার গোয়লনগর ইউনিয়নের জেলে শাহিন মিয়া (৩৫) ও ভলাকুট ইউনিয়নের কুঠুই গ্রামের কৃষক অষ্টলাল বিশ্বাস (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে বৃষ্টি চলাকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন লালুয়ারটুক গ্রামের মো. সাজু মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টিতে ফসলি মাঠে কাজ করার সময় মতিলাল বিশ্বাসের ছেলে অষ্টলাল বিশ্বাস (৪৫) বজ্রপাতে মারা যান। এসময় আরেকজন আহত হন।

কুঠুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন চন্দ্র দেব বলেন, 'বজ্রপাতে নিহত অষ্টলাল বিশ্বাস তিন সন্তানের জনক। তাঁর ছোট মেয়ে আমাদের স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ইমরানুল হক ভূঁইয়া বলেন, ‘সকালে মাছ ধরার সময় একজন ও দুপুরে জমিতে কাজ করার সময় আরেকজনের মৃত্যু হয়। আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’