চাঁদপুরে ইলিশ ধরায় ৬৩ জেলে আটক, ৪৩ জনের কারাদণ্ড

চাঁদপুর নৌ-অঞ্চলের ১২টি পুলিশ ফাঁড়িতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৬৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এর মধ্যে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১৪৮ কেজি ইলিশ, ৫ লাখ ৫৩ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও ৮টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

আজ সোমবার সকালে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযানে ১২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। ৩ জনকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথকভাবে অভিযান চালাচ্ছে।

মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।