বাংলাদেশের শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কতিপয় অকৃতকার্য ছাত্র-ছাত্রী শিক্ষা বোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করাসহ গালমন্দ এবং ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। এরই প্রতিবাদে সারা দেশে আন্তঃবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম, সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মো. শফিকুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপসচিব অ্যাকাডেমিক মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার মো. গোলাম হুসেনসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিম বলেন, ‘আন্তঃশিক্ষা বোর্ডের সভায় এই মানববন্ধনের সিদ্ধান্ত হয়। তাই আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছি।’