দুটি পিস্তলসহ যুবককে আটকের পর সেনাবাহিনীকে দিল জনতা

লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল হোসেন নামের এক যুবককে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র-জনতা। সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে গতকাল সোমবার রাত ১১টার দিকে এসব অস্ত্রসহ তাঁকে আটক করা হয়।

আটক সোহেল হোসেন স্থানীয় বাসিন্দা মো. হারুনুর রশিদের ছেলে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন, আলমগীর হোসেন ও সোহেল হোসেন অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেক হোসেনকে হুমকি-ধমকি দিয়ে গুলি করার ভয় দেখান। এ সময় তারা পিস্তল বের করেন। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। এ সময় আরিফ হোসেন ও আলমগীর হোসেন অস্ত্র ফেলে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল হোসেন ধরা পড়েন। তাঁর কাছ থেকে একটি রিভলভার ও নাইন এমএম নামের দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) জব্দ করা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা-পুলিশ ঘটনাস্থল পৌঁছে অস্ত্রধারী যুবক সোহেল হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছে থাকা  অস্ত্রগুলো জব্দ করে তাদের হেফাজতে নেয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কীভাবে এখানে নিয়ে এসেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, আটক সোহেল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। এছাড়া পালিয়ে যাওয়া দুইজনকে গ্রেপ্তারের অভিযান চলছে।