চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি সংরক্ষণের গর্ত থেকে পঁচে যাওয়া সুপারি তুলতে গিয়ে অক্সিজেনের অভাবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩ জন। শুক্রবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— মোহাম্মদ শফি ও শহিদুল্লাহ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান, ৮ ফুটের পাকা ট্যাংকের মাঝে সুপারি রাখা হয়েছিল। সেই সুপারি তুলতে গিয়েই মূলত ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা এক মহিলা ও ৫ জন পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়।
নূর আহমদ আরও জানান, ট্যাংকটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়েছে। ফলে অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুপারি থেকে বিষক্রিয়ায় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।