জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
নিহতের ভাই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির পাশে ছাগলের খাবার সংগ্রহ করতে কাঁঠালগাছে ওঠেন গোলাম রাব্বানী। এ সময় গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। পরে গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনেরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নলছিয়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


