চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, দাম কমেছে কেজিতে ১০০ টাকা

দক্ষিণাঞ্চল থেকে ইলিশ বোঝাই ট্রলার ও নৌকা ভিড়তে শুরু করে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনদেশের দক্ষিণাঞ্চলে ইলিশের সবচেয়ে বড় খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে সরবরাহ। আজ মঙ্গলবার সকালে দক্ষিণাঞ্চল থেকে ইলিশ বোঝাই ট্রলার ও নৌকা ভিড়তে শুরু করে। সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ৫০ থেকে ১০০ টাকা।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পুরোদমে ইলিশ ধরা এবং বিক্রি শুরু করেছে জেলে ও ব্যবসায়ীরা। বিগত দিনের তুলনায় আজ ইলিশের দাম কিছুটা সহনীয় হওয়ায় খুশি ক্রেতারা।

ইলিশের সবচেয়ে বড় খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে সরবরাহ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনকুমিল্লা থেকে ইলিশ কিনতে আসা শরীফুল হাসান নামে এক ক্রেতা বলেন, ঘাটে এসে ইলিশের দাম আজ কিছুটা সহনীয় পর্যায়ে দেখছি। তবে ছোট সাইজের ইলিশ বেশি। দামটা আরও একটু কম হলেও ভালো হতো।

ঘাটের ব্যবসায়ীরা কামাল হোসেন বলেন, ধীরে ধীরে ইলিশ মাছের সরবরাহ বাড়বে। প্রথমদিনের তুলনায় আজ ঘাটে ইলিশের পরিমাণ বেশি। তবে ছোট ইলিশ বেশি। আজ ঘাটে ৬০০ থেকে ৭০০ মণ ইলিশ উঠেছে। ছোট বড় ইলিশ কেজি প্রতি ৮০০ থেকে ২৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

গেল ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন চাঁদপুরসহ দেশের ৬টি অভায়আশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ সময় ৫ শতাধিক জেলেকে আটক করা হয়। মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করে।