চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকে ঘুরতে আসা এক তরুণী পর্যটককে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে মিরসরাইয়ের মিঠানালা থেকে ওই যুবকের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণে ঘটনায় দায়ের করা মামলায় ওই যুবক এক নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জানান, বিশেষ অভিযানে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ রিয়াজকে আটক করে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকার গহীন পাহাড়ে ঘুরতে যান দুই তরুণ–তরুণী। এসময় তারা মহামায়া লেকের গহীনে গেলে পিছু নেয় তিন যুবক। যুবকরা ওই তরুণ-তরুণীকে অনুসরণ করে ভিডিও করে রাখে। একপর্যায়ে তারা তরুণকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।