টেকনাফে সাগরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

টেকনাফে সাগরে গোসল করতে নেমে নুর কালাম নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মেরিন ড্রাইভ শিশুপার্কের দক্ষিণে খুনকারপাড়া নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নজরুল ইসলাম ও মো. ইমরান নামে আরও দুই ছাত্র এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকতা শেখ এহেসান উদ্দিন জানান, খুনকারপাড়ার মৌলভী ইলিয়াসের মাদ্রাসার হেফজ বিভাগের ১০-১৫ জন শিক্ষার্থী সমুদ্রতীরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তিন শিক্ষার্থী সমুদ্রের পানিতে গোসল করতে নামে। তীব্র স্রোতের কারণে তিনজনই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় নুর কালামকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিখোঁজদের উদ্ধারে সমুদ্রসৈকতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।