চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মতবিনিময় সভায় প্রেজেন্টেশনের সময় প্রদর্শন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি। আর এতেই সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সভায় উপস্থিত গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
গতকাল শনিবার বিকেলে এই সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ।
প্রেজেন্টেশনে শেখ হাসিনার ছবি দেখানো নিয়ে আদিলুর উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আপনারা এখনও ধারণ করছেন না। ফ্যাসিবাদ সরকারের ভূত এখনো মাথা থেকে যায়নি। কোথায় কী দেখাতে হবে সেই বোধও আপনাদের হয়নি?’ তিনি বলেন, সিডিএতে আগে ব্যাপক দুর্নীতি হয়েছে।
আদিলুর রহমান বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে জলাবদ্ধতা ও যানজট নিরসনের নামে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে সিডিএ। কিন্তু এসব প্রকল্পে সাধারণ মানুষ সুফল পায়নি। প্রকল্পের নামে শুধু লুটপাটই হয়েছে। জুলাই বিপ্লবের পর যারা এই প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছে তারাও এখনও জন-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ।’
এ সময় সিটি করপোরেশনসহ সবগুলো সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের নির্দেশনা দেন এই উপদেষ্টা।
সিডিএ’র এক কর্মকর্তা এই সময় উপদেষ্টাকে উদ্দেশ করে দুঃখ প্রকাশ করেন। তিনি জুলাই-আগস্টের স্পিরিট নিয়ে সামনের দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান উপদেষ্টাকে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন ছাড়াও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, গণপূর্ত অধিদপ্তর ও গৃহায়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।