চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়ে আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত মনির হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগম।
ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি আমজাদ হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলায় বলা হয়েছে, গত ৩০ নভেম্বর ও ২৫ ডিসেম্বর পৃথক দুই দফা হামলার ঘটনা ঘটে। প্রথম হামলা হয় হরিপুর মধ্যপাড়ায় আবদুল হান্নানের চায়ের দোকানের সামনে এবং দ্বিতীয় হামলা মনির হোসেনের বাড়িতে।
অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এতে মনির হোসেনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। মনির হোসেনের মাথায় ১৯টি সেলাই দিতে হয়েছে। এছাড়া হামলাকারীরা স্থানীয় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে।
নিহতের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, তাঁর স্বামীর ভাগিনার সঙ্গে বিবাদীদের মাছ ধরাকে কেন্দ্র করে মতবিরোধ থেকে এই হামলার সূত্রপাত। প্রথম দফায় কিল-ঘুষি মারার পর, দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
হামলায় আহত কয়েকজন কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিন্টু দত্ত বলেন, ‘মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।’