কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘর। এ ঘটনায় আয়েশা সিদ্দিকা(৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া পাঁচজন আহত ও তিনজন নিখোঁজ রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফ নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘণ্টাব্যাপী আগুনের তাণ্ডবে পুড়ে গেছে শতাধিক ঘর। ক্যাম্প-২৬ এর সহকারী ক্যাম্প ইনচার্জ এসব তথ্য জানান।
নিহত আয়েশা সিদ্দিকা ক্যাম্পের জি-২ ব্লকের ইব্রাহিমের মেয়ে। এখনও আহত ও নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।
ক্যাম্প-২৬ এর সহকারী ক্যাম্প ইনচার্জ বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২৬ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকে আগুন লাগে। পরে রোহিঙ্গা নাগরিক ও ক্যাম্পের ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি বাড়ির ভেতরে পুড়ে শিশু আয়েশার মৃত্যু হয়। এ ছাড়া পাঁচজন আহতসহ নিখোঁজ রয়েছেন তিনজন। আগুন নিয়ন্ত্রণে আসার পর নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গত ২৪ ডিসেম্বর উখিয়ার ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুন পুড়ে যায় ছয় শতাধিক ঘর। সে সময় শিশুসহ নিহত হন দুইজন।