ফেনীর সোনাগাজীতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের চন্দ্রন কুমার করের ঘরে গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
চন্দ্রন কুমার করের স্ত্রী রুমা কর বলেন, ‘রাত আনুমানিক ২টার সময় ৪ থেকে ৫ জন লোক নিজেদেরকে পুলিশ পরিচয় আমাদের বাড়িতে আসে। আমাদের ঘরে আওয়ামী লীগ নেতা নুর নবী মিস্টার ও মিলন চন্দ্র কর আশ্রয় নিয়েছে দাবি করে তাঁরা দরজা খুলতে বলে। আমরা থানায় ফোন করার কথা বললে- ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।’
রুমা কর জানান, ডাকাতের হামলায় তিনি, তাঁর ছেলে সুমন চন্দ্র কর ও ছেলের স্ত্রী স্মৃতি কর আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগীদের কাছ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।