চট্টগ্রামের বন্দর এলাকায় মুনির নগরে আতশবাজির আগুন থেকে একটি প্লাস্টিক ক্যারেটের গুদামে আগুন লাগে। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের তিনটি আবাসিক ভবনেও ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ও নৌবাহিনীর ১ টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গুদামটি। আগুনের ক্ষতিগ্রস্ত হয় আবাসিক তিনটি ভবনের বাসাবাড়ি।
তবে, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় সেখানে আটকে পড়াদের উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ সুলতান আহমেদ উদ্দিন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরই এলাকায় গুদামটির পাশে আতশবাজি নিয়ে খেলছিল কয়েকজন শিশু। এসময় তাদের ছোঁড়া আতশবাজি গুদাম ঘরটিতে গিয়ে পড়ে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে পুলিশের পাশপাশি সহায়তা করতে ছুটে আসে সেনাবাহিনীর সদস্যরাও।