চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

চট্টগ্রামে ডবলমুরিং এলাকার বারিক বিল্ডিং মোড়ে ছিনতাইকারীদের একটি চক্রকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল ও এসআই জামিল। তবে আহত হওয়ার পরেও অন্য পুলিশ সদস্যদের সহায়তায় ঘটনাস্থল থেকে ধাওয়া দিয়ে চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তারা হলো—তারেক, রবি ও জুয়েল। এসময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, ছিনতাইয়ের সরঞ্জাম ও ২ লাখ ১২ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

আটকরা সংঘবদ্ধ মেহেদী-মনির গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ত্রিশের অধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। দুই মাস আগেও তাদের একই এলাকা থেকে আটক করে পুলিশ। জামিন পেয়ে বের হয়ে এসে ফের একই কাজে জড়িয়ে পড়েছে তারা। 

সিএমপির ডবলমুরিং জোনের সহকারী কমিশনার কাজী মোহাম্মদ বিধান আবিদ জানান, আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছেন। বড় এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।