চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে পার্কিং ইজারা নিয়ে মুখোমুখি জেলা প্রশাসন ও সিডিএ। বিচ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা না করেই ইজারাদার নিয়োগে দরপত্র চেয়েছে প্রশাসন। তবে সিডিএ বলছে, পার্কিং ইজারা দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের নেই। দুই কর্তৃপক্ষের টানাটানিতে সৈকত নিয়ে সমন্বিত পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ও ব্যবস্থাপনা ঢেলে সাজাতে গত ডিসেম্বরে একযোগে কাজ শুরু করে সিডিএ, সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। তবে ভেস্তে যেতে বসেছে সেই সমন্বিত উদ্যোগ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, এ মাসের শুরুতে সৈকত এলাকায় পার্কিং ইজারাদার নিয়োগে দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। তাতে আপত্তি জানায় সিডিএ। তাদের দাবি, ইজারাদার নিয়োগ দিলে ক্ষতিগ্রস্ত হবে পার্কিংসহ সৈকতের ছয় কিলোমিটার এলাকার উন্নয়ন প্রকল্প।
দুই সংস্থার মুখোমুখি অবস্থানে বিপাকে পড়েছে সিটি করপোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের অধীনে পতেঙ্গা সৈকতের ভৌত অবকাঠামোর কাজ শেষ। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ।