বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে বলে ধারণা করছে তদন্ত কমিটি। আজ বুধবার সকালে রুইলুই পাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি।
বুধবার সকালে রুইলুই পাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তদন্ত কমিটি। এ সময় কমিটির সদস্যরা আগুন লাগার সূত্রপাত হওয়া ইকোভ্যালি রিসোর্টের পাশাপাশি আশপাশে ক্ষতিগ্রস্ত বেশকয়েকটি রিসোর্ট পরিদর্শন করে।
তদন্ত কমিটির প্রধান ও রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.মোবারক হোসেন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবগুলো কারণ খতিয়ে দেখা হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপুরে সাজেকের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৪টি রিসোর্ট, কটেজ, পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুরাদের ৩৬টি বসতবাড়ি পুড়ে যায়।