ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই বোনকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলো– ওই গ্রামের মৃত রওশন আলীর মেয়ে যুথী আক্তার ও তার ছোট বোন স্মৃতি। ঘটনার পর থেকে যুথীর স্বামী সামিউল ইসলাম পলাতক।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, দেড় বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সামিউল ইসলামের সঙ্গে বিয়ে হয় যুথী আক্তারের। যুথী এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে সামিউল স্ত্রী যুথীকে ফিরে যেতে বলেন। কিন্তু যুথী রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে গত সপ্তাহে সামিউল তার শশ্বরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল রোববার রাতে সামিউল তার শ্যালক জাহেদ ভূইয়াকে সঙ্গে নিয়ে এক কক্ষে এবং যুথী ও স্মৃতি অপর কক্ষে শুয়ে পড়ে। রাতে ঘরের ভেতর দুলাভাই সামিউলের সন্দেহজনক চলাফেরায় সন্দেহ করে শ্যালক জাহেদ। এক পর্যায়ে সে তার দুলাভাইকে খুঁজে না পেয়ে বোনদের কক্ষে গেলে সেখানে তাদের মরদেহ দেখতে পায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্তসহ ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।’