খাগড়াছড়িতে মাদকের টাকার জন্য মা ও বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগে ছেলে আবুল কালামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার মাটিরাঙা উপজেলার বেলছড়িতে এ ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় মাদকের টাকার জন্য মা আমেনা বেগমকে (৬০) গলা কেটে হত্যার চেষ্টা করেছেন আবুল কালাম কালন (৩৮)। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ বাবা মো. আব্দুর রহিমকে (৭০) কুপিয়ে জখম করেন তিনি। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তাঁরা তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় ছেলে আবুল কালাম কালনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ঘাতক আবুল কালামকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।