প্রবাসীর বাড়ির ছাদে মিলল দিনমজুরের গলাকাটা মরদেহ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেন (৩৫) নামে দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। 

আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় দিনমজুর। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে।

প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম জানান, এক প্রতিবেশী এশার নামাজ আদায় করে ফেরার সময় বাড়ির ছাদে কারো উপস্থিতি টের পেয়ে তাঁদেরকে জানায়। এরপর তাঁরা ছাদে এসে আলমগীরকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত ১০টার দিকে তারা মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মাঝারি সাইজের ধারালো ছুরি পাওয়া গেছে।  

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।