কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ মঙ্গলবার দুপুরে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে নিয়ে যায় বলে জানান স্থানীয় ট্রলার মালিক সমিতির নেতারা।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘১১জেলে ছাড়াও আরও তিনটি মাছ ধরার নৌকা নিখোঁজ থাকার খবর রয়েছে। তবে সেগুলো ধরে নিয়ে গেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।’
ইউএনও বলেন, এর আগেও বেশ কয়েক দফায় ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনা হয়েছে।
সবশেষ গেল মাসের ১৫ মার্চ টেকনাফের নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।